সংসার

তিন ফুট বাই দুই ফুট সাইজের ক্যানভাসের উপর এক্রিলিক রঙ ব্যবহার করে এই পেইন্টিংটি আঁকতে মাস দেড়েক সময় লাগলো। এই পেইন্টিংটি আঁকতে গিয়ে মনে হল পেইন্টিং করা আর সংসার করা মোটামুটি একই রকম।

নানা রকম সুন্দর সুন্দর আইডিয়া নিয়ে পেইন্টিং টা শুরু করি কিন্তু আঁকতে গিয়ে দেখা যায় বাস্তবে সেরকম কিছুই আঁকতে পারছি না। কিছুই হচ্ছে না, কিন্তু ততক্ষণে অর্ধেক আঁকা শেষ, নতুন ফ্রেশ ক্যানভাসেও আর ফিরে যাওয়া যাচ্ছে না।

তারপর থেকে পুরো সময়টা ধরেই চলতে থাকে রঙ আর ব্রাশ দিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা । এভাবে ড্যামেজ কন্ট্রোল করতে করতে অনেক শেষে এসে মোটামুটি একটা পেইন্টিং এর আকার ধারণ করে এবং দিনশেষে দেখা যায় প্রাথমিক সুন্দর আইডিয়ার বাস্তবায়ন থেকে ড্যামেজ কন্ট্রোলের অংশই অনেক বেশি, অর্থাৎ প্রথমে যে আইডিয়া নিয়ে শুরু করেছিলাম আর দিনশেষে যা রূপ নিয়েছে তার মাঝে অনেক অনেক পার্থক্য, তবে একটা মজার অভিজ্ঞতা হচ্ছে ড্যামেজ কন্ট্রোল করতে করতেই নিজের মধ্য থেকেই বেরিয়ে আসে নানা রকম অজানা উদ্বাবনী কৌশল এবং সৃষ্টিশীল আইডিয়া, যেগুলো সম্বন্ধে নিজেরই আগে কোন ধারনা ছিল না।

আমাদের সংসার জীবনের অভিজ্ঞতাগুলোও আসলে এমনই ড্যামেজ কন্ট্রোল এর মত। প্রথম জীবনের সকল সুখ স্বপ্নের নানান রঙ যখন এলোমেলো হয়ে যায় তখন সারাটা জীবন কেটে যায় এমন ড্যামেজ কন্ট্রোল করতে করতেই। এভাবেই কারো কারো জীবনটা হয়তো সুন্দর একটা পেইন্টিং এর মত হয় শেষমেষ, কারো কারোটা বিশৃংখল রং এর ছড়ানো ছিটানো বিরক্তিকর ও ক্লান্তিকর ক্যানভাস হয়ে রয়ে যায়। মানুষ বিশৃঙ্খল রঙের বিরক্তিকর ক্যানভাস দেখতে পছন্দ করে না, মানুষ পছন্দ করে সুপরিমিত রংয়ের সুপরিকল্পিত স্বপ্নময় বিন্যাস।

সাইজ: ৩’ x ২’

মাধ্যম : ক্যানভাসের উপর এক্রেলিক পেইন্ট

সমাপ্ত : ২৩ ডিসেম্বর, ২০২৫, উত্তরা, ঢাকা

মাহফুজুল হক জগলুল

আরও পড়ুন