গাঢ় সবুজ গুচ্ছ গুচ্ছ জলপানার ভিতর থেকে লম্বা উঁকি দেয়া
একা শাপলাটির দিকে আঙুল তুলে সে বলেছিল,
এতো সুন্দর নীল পদ্ম থাকতে, আপনার এতো দু:খ কিসের।
আমি তার প্রথমিক ভুলটা শুধরে দিয়ে বলেছিলাম,
নীল পদ্ম নয়, এটি নীল শাপলা।
মোটেও অপ্রস্তুত না হয়ে, চলে যেতে যেতে
ঘাড় কাত করা তার সিগনেচার হাসিটা
ছড়িয়ে দিতে দিতে সে বলেছিল,
আপনি খুব বোকা আর ভীরু,
স্বপ্ন দেখতে জানলে সহজেই
বুকের ভেতর শপলাকে পদ্ম বানিয়ে নেয়া যায়।
আমি খুব অবাক বিস্ময়ে তার
সহজাত অলৌকিক আত্মবিশ্বাস দেখছিলাম,
আর
আমার প্রচন্ড ইচ্ছে হচ্ছিলো তার কাছ থেকে
স্বপ্ন দেখার কৌশলটা শিখে নিতে।
কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে,
কেননা পেছন থেকে ডাকলে তিনি আর ফিরবেন না,
আমি জানতাম।
এরপর থেকে আমি
প্রতিনিয়ত প্রচন্ড আগ্রহ নিয়ে স্বপ্ন দেখার চেষ্টা করি,
আর
প্রতিদিন খুব সংগোপনে বুকের ভেতর তাকিয়ে দেখি,
শাপলাটা কোনভাবে পদ্ম হয়ে ফুটলো কিনা।
মাহফুজুল হক জগলুল