অপেক্ষা করছি

আমার হৃদয়ে অনেক দ্বিধা ছিল,
তোমার জন্য অনেক প্রশ্ন ছিল,
তুমি আমাকে বললে,
চুপ করো,
মুখ তুলে তাকাও এবং সাহসী হও,
যা তুমি জানো না অনর্গল তা বলতে চেষ্টা করো।
বিস্মিত আর হতবাক হবার চেয়ে
আমি,
ভয় ও ঈর্ষা নিয়ে
এক স্বচ্ছ জল টলটলে নদীতে পা ডুবিয়ে দাঁড়িয়ে রইলাম।
ভয়,
কেননা, তুমি তখন আমাকে দাঁড় করিয়ে দিয়েছো
এক অচেনা চলমান ভূখণ্ডের ছায়াময় পাদদেশে,
আর ঈর্ষা,
কেননা, আমি এখন দেখতে পাচ্ছি
তোমার ভালোবাসা প্রবল ও প্রলম্বিত হতে হতে
এমন সব পাহাড়ের ঝকঝকে তুষারচূড়াগুলোও স্পর্শ করেছে
যেখানে আমি আমার পদক্ষেপই রাখিনি কোনো দিন।
যদিও নিজের একটি বাক্যও আমি বুঝতে পারছি না,
তবুও
এক পরম বোধগম্য প্রশান্তি আমার আত্মাকে ছুঁয়ে যাচ্ছে।
কতো দীর্ঘক্ষণ আমি প্রার্থনা করছিলাম
আমি মনে করতে পারি না,
রাত পেরিয়ে যখন ভোর হলো,
অথবা
দিন পেরিয়ে সবে সন্ধ্যা,
আলো ও অন্ধকারের প্রথম চোখাচুখির
সে মুহূর্তে আমি প্রথম অনুভব করলাম
আমার কণ্ঠনিঃসৃত অচেনা শব্দাবলি
আস্তে আস্তে অর্থপূর্ণ হতে চলেছে,
আমার সংকোচ ও দ্বিধাগুলো মুছে যাচ্ছে,
আমি ক্রমশ আত্মবিশ্বাসী হয়ে উঠছি,
আমার কণ্ঠস্বর দৃঢ় ও সাবলীল হচ্ছে,
আমার বিশ্বাস ফিরে আসছে,
বৃত্তান্তহীন অনাবিল এক আনন্দে আমি ধীরে ধীরে
নিমজ্জিত হচ্ছি।
আমার প্রার্থনাগুলো প্রশান্ত কান্না হয়ে ফিরে ফিরে আসছে,
আমি এখন বুঝতে পারছি,
আমার কান্নাগুলো আসলে তোমার দেওয়া অমূল্য উপঢৌকন।
মেঘের সাথে উড়ে উড়ে আমি এখন দেখতে পাচ্ছি
আমরা সকলে আসলে অভিন্ন এক অলৌকিকতার অংশ।
কোনো ব্যাখ্যা খোঁজার বা চাইবার এখন আমার আর দায় নেই,
চৌকস বিতর্কে বিভোর হবার আমার আর অভিরুচি নেই,
যুক্তির উত্তরে যুক্তি খোঁজার আমার আর আগ্রহ নেই।
কেননা আমার শেকলগুলো আস্তে আস্তে ভেঙে পড়ছে,
আমি ক্রমশ মুক্ত ও বন্ধনহীন বোধ করছি,
পাখির পালকের মতো ভাসতে ভাসতে
আমার আত্মা এখন কত সহজে
পরম দরোজার সামনে নতজানু হতে পারছে,
দরোজার ওপারেই আমার জন্য অপেক্ষা করছে
ভালোবাসার চেয়েও গভীরতর অসীম ভালোবাসা,
যে ভালোবাসা সব কিছু ক্ষমা করে দেয়,
যে ভালোবাসা কখনো কাউকে পরিত্যাগ করে না,
যে ভালোবাসা ক্ষুদ্রকেও মহাকাশ ধারণ করতে শেখায়
যে ভালোবাসা নিঃস্বকেও নিটোল পরিপূর্ণ করে তোলে।
সে ভালোবাসা সর্বব্যাপী এক মায়াবী স্নেহে
আমাকে প্রশান্ত ও পবিত্র করবে,
নিষ্কলুষ এ পরম আকাঙ্ক্ষা নিয়ে
অধীর আগ্রহে আমি অপেক্ষা করছি।

মাহফুজুল হক জগলুল
২৪ এপ্রিল, ২০২১
( পাওলো কোয়েলহোর By the River Piedra-র অনুপ্রেরণায় )

আরও পড়ুন