এতো শোক সংবাদ
আমি আর নিতে পারছি না,
স্মিতমুখে তাকিয়ে থাকা
এতো বিদেহী পোর্ট্রেট,
আমি আর দেখতে পারছি না,
এতো সন্তপ্ত বোবা গান
আমি আর সইতে পারছি না।
কতোটুকু হারিয়ে গেলে একটি মানুষকে স্তব্ধ হতে হয়,
কতোটুকু শোকে শব্দরা হারিয়ে যায়,
কতোটুকু পরিতাপে বাক্যরা হয়ে ওঠে স্তব্ধ বিলাপ,
কতোটুকু দুঃখ পেলে পাখিরা তার পালক
ঝরিয়ে ফেলে
বৃক্ষরা তার পাতা
আমি জানি না।
ছোটবেলায় জুলেখার গল্পে পড়েছিলাম
ফুলপরীকে হারিয়ে
ফুলেরা সব হরতাল ডেকেছিল,
মানুষের এ ঘোর দুঃসময়ে
ফুলেরা এবার কী সিদ্ধান্ত নেবে,
আমি জানি না।
কোথায় পালাবো আমি,
চারিদিকে এতো জানাজা, কুলখানি, চেহলাম,
বিশ্রী শব্দ করা অ্যাম্বুলেন্সের হন্তদন্ত যাওয়া-আসা
কাফন মোড়ানো চেনা মানুষের নিস্তব্ধ মিছিল
আমি আর নিতে পারছি না।
বিস্ফোরিত ক্রিকেট স্টেডিয়াম নয়
জমজমাট এখন কবরস্থান,
ঘর্মাক্ত গোরখোদকের ভৌতিক চাহনি
আমি আর নিতে পারছি না,
কোথায় পালাবো আমি
আমি আর নিতে পারছি না।
মাহফুজুল হক জগলুল
৭ এপ্রিল, ২০২১