১৯৮২-৮৩ সালের কথা, প্রকৌশল বিশ্ববিদ্যালয় জীবনে স্থপতি এনামুল করিম নির্ঝর (পরবর্তী সময়ে চলচ্চিত্রে জাতীয় পুরস্কারপ্রাপ্ত), নির্ঝরের বন্ধু সাইরাস, স্থপতি জাকি, স্থপতি মিনহাজসহ অনেকে মিলে উন্মেষ নামে একটা সুন্দর ফিল্ম সোসাইটি চালাতো। সোসাইটির লিটল ম্যাগাজিনের নাম ছিল ‘কিনোআই’। তখন দেশি-বিদেশি আর্ট ফিল্ম দেখার একমাত্র উপায় ছিল এইসব ফিল্ম সোসাইটির সদস্য হওয়া। আমরা যারা অনেকেই নির্ঝরের সঙ্গে যুক্ত ছিলাম তাদের প্রায় সবারই ইচ্ছায় বা অনিচ্ছায় যুক্ত থাকতে হতো এইসব ফিল্ম সোসাইটির সঙ্গে।
ধানমণ্ডির জার্মান কালচারাল সেন্টার, রাশান কালচারাল সেন্টার, ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিল—এগুলো ছিল আমাদের আর্ট ফিল্ম দেখার বা উচ্চমার্গের ‘আঁতেলীয়’ আড্ডার নিয়মিত জায়গা। ‘কিনোআই’ নামের একটি অনিয়মিত সিরিয়াস ফিল্ম পত্রিকাও বের করতো নির্ঝর, জাকি, মিনহাজরা মিলে উন্মেষ ফিল্ম সোসাইটি থেকে। জাকি ছিল খাস ওয়ারির র্যাংকিন স্ট্রিটের ছেলে। ওর তত্ত্বাবধানেই ওখানকার এক প্রেস থেকে ‘কিনোআই’য়ের ছাপার সব কাজ হতো । এ কাজে আমরাও আশপাশে থাকতাম। আজ পুরোনো কাগজ ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ এটা পেয়ে গেলাম।
জুলাই ১৫,২০২০

