ডুবন্ত জাহাজের দিশেহারা যাত্রী যেমন
আকাঙ্ক্ষা করে একটি শান্ত প্রবালদ্বীপের আশ্রয়,
সে মৃত্যুকে ঠিক সেইভাবেই আকাঙ্ক্ষা করেছিল।
গভীর রাতে নষ্ট রেলস্টেশনের অন্ধকার প্ল্যাটফরমে
সে অপেক্ষায় থেকেছে কোনো মাদকাসক্ত ছিনতাইকারীর,
টালমাটাল পায়ে যে তার বুক বা পেট এফোঁড়-ওফোঁড় করে দেবে।
কিন্তু ছিনতাইকারীরা তাকে লক্ষ করেনি।
নগরের সবচেয়ে ভয়ানক পাড়াগুলোতে সে হেঁটে বেরিয়েছে
যেন কোনো নির্মম খুনি তাকে বেছে নেয়,
কিন্তু নগরের কোনো স্বভাবখুনি তাকে বেছে নেয়নি।
শক্তিমান মানুষদের সে রাগিয়ে দিতে চেষ্টা করেছে
যেন তাদের চলতি পথে তারা তাকে সরিয়ে দেয়,
কিন্তু শক্তিমানেরা তার উসকানি উপেক্ষা করেছে।
অথচ এক মায়াবী পূর্ণিমার রাতে
তার মৃত্যু এসেছে ঘুমের মতো নীরবে,
ফুলের ওপর থেকে যেমন শিশির গড়িয়ে পড়ে
ঠিক তেমন নীরবে।
এমন একটি নিটোল মৃত্যু তার খুব দরকার ছিল।