গ্রামীণ জনপদের ঘরবাড়ির ঃ সূচনা পর্ব
বুয়েটে আমাদের স্থাপত্য সিলেবাসে পশ্চিম ইউরোপ, উত্তর আমেরিকার আধুনিক স্থাপত্য পড়ানো হতো খুব সিরিয়াসভাবে, ভারতের প্রাচীন আর মধ্যযুগের স্থাপত্যও পড়ানো হতো। মিসর, গ্রিক, রোমান স্থাপত্য পড়ানো হতো, ডরিক, আয়োনিক, করিন্থিয়ান অর্ডারের কলাম আমরা অনায়াসে আঁকতে পারতাম, পার্থেননের কোনাকাঞ্চি আমাদের মুখস্থ ছিল, এমনকি ফরাসি বা ইংলিশ বাগানের ইতিহাসও আমাদের মুখস্থ করতে হতো; কিন্তু আমাদের পদ্মা, যমুনা, মেঘনা বিধৌত এই গাঙ্গেয় ব-দ্বীপ বা গৌড়-বরেন্দ্র অঞ্চলের স্থাপত্যের কোনো ইতিহাস কখনো পড়ানো হতো না। গ্রামবাংলার বাড়িঘরের কোনো আলোচনা তো কখনোই হতো না।
‘ঘর সিরিজে’ আমি দক্ষিণাঞ্চলের নিতান্ত প্রান্তিক, চরম দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর কিছু ঘর ও এতে বসবাসকারী এসব অচেনা, অজানা ও আমাদের মস্তিস্কের বাইরে থাকা মানুষদের যাপিত জীবনের গল্প বলতে চাই। ওনেকে বলতে পারেন, আমাদের এগুলো জানার হয়তো তেমন কোনো প্রয়োজন নেই। হয় তো নেই, তার পরও তো প্রয়োজন ছাড়া আমরা কতো কিছুই করি, করি না ?
