অন্ধকার ঘনীভূত হতে হতে এখন
আলো ও অন্ধকার
দ্রবীভূত হয়ে একাকার হয়ে গেছে।
আলো ও অন্ধকার
এখন আর আলাদা করে চেনা যায় না।
একটা আবছা ঘোরলাগা অন্ধকারময়
আলো-আঁধারিতে
উলঙ্গপ্রায় একদল মানুষ উদভ্রান্তের মতো
টলে টলে হাঁটছে আর হাঁটছে আর হাঁটছে।
আলো ও অন্ধকার
একত্রে মিলেমিশে একটা বিভ্রম তৈরি করে,
তাই এরা কেউ জানে না তাদের গন্তব্য কোন দিকে,
এদের কেউ কেউ তাই বিরক্ত হয়ে দাঁড়িয়ে পড়েছে,
কেউ আবার উল্টো দিকে হাঁটা শুরু করেছে।
মাহফুজুল হক জগলুল
১৪ জুলাই, ২০২০