ওরে বোকা, একদম ভেবো না,
আমি মরে যাবার আগে তোমাকে অবশ্যই সংকেত দেবো।
সত্যি, সংকেত দেবে?
কেমন সংকেত দেবে?
এ মুহূর্তে আমি সেটা বলতে পারছি না,
তবে তুমি আমার সংকেত বুঝতে পারবে।
শুধু সংকেত না,
কথা দিচ্ছি তোমার কাছে ফিরে ফিরেও আসবো বারবার,
আমি তখন দীর্ঘ অস্পষ্ট স্বরে তোমার নাম ধরে ডাকবো।
তাই?
তুমি কি ভূত হয়ে ফিরে আসবে?
হতে পারে।
কী ধরনের ভূত?
দয়া করে কুৎসিত কোনো ভূত হয়ে ফিরে এসো না।
তবে, যেভাবেই আসো, ফিরে এসো কিন্তু।
নিশ্চয়ই ফিরে আসবো।
হয়তো আমি পাখি হয়ে ফিরে আসবো,
হয়তো বৃক্ষের সবুজ নরম পাতা হয়ে,
হয়তো বৃষ্টিস্নাত দখিনা বাতাস হয়ে,
অথবা চলিষ্ণু বিদ্যুৎ হয়ে ফিরে আসবো তোমার কাছে,
যেভাবেই ফিরে আসি না কেন,
তুমি আমার ফিরে আসা বুঝতে পারবে।
ঠিক আছে, যেভাবেই আসো,
ফিরে আসবে, শুধু এটা প্রতিজ্ঞা করো।
প্রতিজ্ঞা করছি, আমি ফিরে আসবো।
মনে রেখো তুমি প্রতিজ্ঞা করেছিলে,
আর মনে রেখো,
আমি তোমার জন্য অপেক্ষা করবো,
আমি তোমার জন্য অপেক্ষা করবো,
আমি তোমার জন্য প্রলয়ের আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবো।
(জাপানি সাহিত্য পড়তে গিয়ে আবিষ্কার করলাম যে গদ্যগুলো হঠাৎ হঠাৎ গভীর কবিতা হয়ে ওঠে, তারপর আবার যথারীতি গদ্য হয়ে যায়। এর আগেও হারুকি মুরাকামির এমন একটি উপন্যাসের কয়েকটি লাইন কবিতা হিসেবে অনুবাদ করেছিলাম। এবার মিয়েকো কামাকামির Breasts and Eggs উপন্যাসের এমন কয়েকটি লাইন অনুবাদ করে দেখি, সেগুলো অনেকটা কবিতার মতো মনে হচ্ছে।)
মাহফুজুল হক জগলুল
১৩ এপ্রিল, ২০২২