একা একা সবাই চলে যায়

একা একা সবাই চলে যায়

এভাবেই চলে যেতে হয়,
নক্ষত্রের গায়ে আজন্ম অভিমান চাপিয়ে দিয়ে
এভাবেই একা একা সবাই চলে যায়।
কুঞ্চিত ভুরুতে সঞ্চিত জীবনের সব অভিযোগ
দিনশেষে ঘুমভাঙা বিস্মিত শিশিরের মতো টুপটুপ
সমর্পিত অনুরাগ হয়ে গলে গলে পড়ে।
তখন তাকে মনে পড়ে,
খুব, খুব মনে পড়ে।
একবার যে চলে যায় সে কখনো আসে না ফিরে,
তবু তাকে মনে পড়ে,
খুব, খুব মনে পড়ে।
একাকী চলে যাবে তবু,
প্রসারিত করে সে ডালপালা, শাখা ও শেকড়।
প্রস্থানের সময় হয়ে এলে,
প্রাচীন বাতিঘরে নিভিয়ে দিয়ে সবটুকু আলো,
ধ্রুবতারার সাথে চুকিয়ে দিয়ে আজন্ম সংযোগ,
নোঙর ফেলে রেখে পাড়ি দেওয়া একাকী জাহাজি যেন,
সেই দূরের চিহ্নহীন ঢেউয়ে কেঁপে ওঠা পাগল ছায়ার ভেতর
চিরতরে হারিয়ে ফেলে ব্যস্ত বন্দরে অর্জিত তার সমগ্র সম্বল।
শুধু নিঃস্ব একাকী সে চলে যায় দূরে,
বহু দূরে।
তবু তাকে মনে পড়ে,
খুব, খুব মনে পড়ে।
মোহন উৎসবের তাল, লয়, সুর সব অনায়াসে উপেক্ষা করে
হঠাৎ বেজে ওঠে প্রস্থানের অপ্রস্তুত বিচ্ছেদি সুর,
দূর, সে চলে যায় দূর,
যে চলে যায় সে কখনো আসে না ফিরে,
তবু তাকে মনে পড়ে,
খুব, খুব মনে পড়ে।

আরও পড়ুন