তোমার নিজের আকাশে যদি ভালোবাসার অন্তহীন রংগুলোকে দেখতে না পাও,
তবে ঈশ্বরের চোখে তুমি নিতান্তই এক খণ্ড নিরেট পাথরের
চেয়ে বেশি কিছু নও।
একমাত্র ভালোবাসাই পারে,
সে পাথর নিংড়ে ভেতর থেকে নির্মল জল বের করে আনতে
আর
ভালোবাসাই পারে,
তোমার হৃদয়ের অস্বচ্ছ আয়নায় স্বচ্ছ প্রতিবিম্ব তুলে ধরতে।
ভালোবাসা যখন সম্রাটের সাড়ম্বর মহিমায় তার মুখ খোলে
সর্বগ্রাসী নীল তিমির মতো চারপাশের সর্বস্ব সে গিলে ফেলে।
ভালোবাসা তোমার হৃদয়কে
জাদুগ্রস্তের মতো নিমজ্জিত ও বিস্মিত করে তুলবে,
আর
আর তোমার আত্মাকে করে তুলবে পবিত্রতায় অভিভূত,
ভালোবাসা তাই সিংহের শৌর্যের মতোই জীবন্ত সত্য।
অবিশ্বাস যেমন যুদ্ধের জন্ম দেয়,
বিশ্বাস তেমন জন্ম দেয় শান্তির,
কিন্তু কী আশ্চর্য,
ভালোবাসা উভয়কেই আগুনে পুড়িয়ে দিতে খুব ভালোবাসে।
তাই
যুদ্ধ ও শান্তিকে সম্পূর্ণ অবজ্ঞায় ফেলে রেখে
একমাত্র ভালোবাসার পাখায় ভর করে অনায়াসে
আত্মা উড়ে যেতে পারে তার পরম প্রিয়র আবাসে।
১২, ০২, ২০২২
(মাওলানা জালালউদ্দিন রুমির Garden of the Heart-এর একটি কবিতার ইংরেজি অনুবাদ থেকে ভাবানুবাদ)