মানুষের জন্য কান্না জিনিসটা ভীষণ জরুরি
ঠিক সময়ে কান্না যদি না থামে শুধু এই ভয়ে
আধুনিক মানুষ মন খুলে কাঁদতে ভয় পায়।
মানুষ বোঝে না শ্রাবণের অঝোর বৃষ্টিও
একদিন থেমে যায়,
বিক্ষত জখমের রক্তপাত একদিন ঠিক
নিজেই জমাট বাঁধে।
দুঃখকে কান্না দিয়ে খুব যত্নে ধুয়ে না নিলে
স্নানহীন দুঃখরা সব ফিরে আসে বার বার।
জাহাজ বয়েই বেড়ায় জং ধরা লোহার নোঙর,
মানুষ বুকে পোষে তার ফেরারি দুঃখের হুলিয়া।
নিজ ঘরের গোপন পাটাতনে কুণ্ডলিত বাস্তু সাপের মতোই
যত্নে বেড়ে ওঠে বিষের ছোবল তোলা দুঃখের সর্পিল সংসার।
মাঝরাতে ঘুমভাঙা নিষ্পাপ শিশুর মতো বাড়ন্ত দুঃখরা
ফিরে এসে আনমনে, পুতুল খেলা খেলতে চায় অসময়ে,
শিশুরা বোঝে না রাত-বিরেতে দুঃখের অমন
পুতুল খেলা বড়োদের মোটেও ভালো লাগে না।
আগস্ট, ২০২১