রিমোট বাটন

রিমোট বাটন

লকডাউনের ঝিম ধরা অঢেল অবসরে
অদ্ভুত বেমানান আয়েশে কাটছে সময়,
বিছানায় কাত হয়ে শুয়ে শুয়ে
চোখ নিবদ্ধ রাখছি টিভি স্ক্রিনে,
ফলাফলহীন ক্লান্তিকর টেস্ট ম্যাচ কিংবা দেখছি
আমাজন রেইন ফরেস্টের খাসা কোনো ডকুমেন্টারি,
কিছুতেই তেমন মন বসছে না,
তাই পটাপট টিপে যাচ্ছি রিমোট বাটন।
লাফিয়ে লাফিয়ে আমার সামনে হুমড়ি খেয়ে পড়ছে
হ্যাংলা হ্যাংলা সব চ্যানেল আর
আমাকে বোকা ভাবা ন্যাকা ন্যাকা সব রঙিন বিজ্ঞাপন।
মুহূর্তেই বাটন টিপেই চলে যাচ্ছি
উত্তরে ভ্লাডিভস্টক থেকে একদম দক্ষিণে কেপ অফ গুড হোপ,
টাইম স্কয়ার থেকে সোজা বহদ্দারহাট ক্রসিং।
এয়ারকন্ডিশন্ড রুমেও তেমন স্বস্তি পাচ্ছি না,
তাই এসির রিমোটও টিপছি ক্ষণে ক্ষণে,
মুহূর্তে রুম হয়ে উঠছে কনকনে ঠাণ্ডা
অথবা অপেক্ষাকৃত উষ্ণতর,
শরীর যদিও খুঁজে পেয়েছে তার প্রমিত তাপমাত্রা,
তবু বারবার রিমোট টিপতে ইচ্ছে করছে।
শুয়ে শুয়ে সব কিছু বদলে দেওয়ার মজাই আলাদা,
রিমোট বাটনে এখন অসীম ক্ষমতা।
হাতের সেলফোন ব্যাটাও চতুর রিমোট,
সংবাদ দিচ্ছি, পাচ্ছি, নিচ্ছি
গান শুনছি, ছবি দেখছি
খুশি হচ্ছি, কষ্ট পাচ্ছি, হালকা দুষ্টুমি—সব কিছুই রিমোটে।
ইদানীং জানাজা, কুলখানি, যৌথ মোনাজাত,
পৌনঃপুনিক ইন্না লিল্লাহ বা দীর্ঘ স্বরে আমিন সুম্মা আমিন,
লাজুক কণ্ঠে টানা তিনবার কবুল কবুল,
আন্তঃদেশীয় নিকাহনামা বা বিবাহ বিচ্ছেদ,
কিংবা ডাক্তারের সংশয়বাদী প্রেসক্রিপশন
সবই সারা যাচ্ছে রিমোটের টিপে।
আহ কী আরাম, সেই যে গানটা
এমন মজা হয় না, গায়ে সোনার গয়না,
আনন্দে সেটা গাইতে ইচ্ছে করে মাঝেমধ্যে,
টাকা-পয়সা লেনদেন, পানি, বিদ্যুৎ, গ্যাসের বিল
সেও সামলাচ্ছি রিমোট টিপে।
নতুন নতুন মারকাটারি প্রচ্ছদে খাদ্য-অখাদ্য সব বই পাচ্ছি,
পাচ্ছি চটকদার ফাস্টফুড, বাহারি নামের চিনিগোলা পানি,
সব কিছুই বাটনের এক চাপে।
বাটনে টিপ দিলেই সে বলে দিচ্ছে
আমার হার্টবিট সংখ্যা, সঠিক রক্তচাপ, ক্যালরি, কিংবা
সর্বমোট কতো কদম হাঁটলাম আজ, তাও।
আমাকে বন্ধুরা কতোটা পছন্দ করে তাও বলে দিচ্ছে রিমোট,
এখন আমার আর ব্যক্তিগত বলে কিছু নেই,
সব কিছু রেকর্ড করছে ওই রিমোটওয়ালা।
ব্যাটা আমাকে না জানিয়ে
আমার গোপন খবরও পাচার করছে চুপচাপ,
এতো স্বাচ্ছন্দ, এতো আরাম,
কষ্টহীন ভাইরাল জীবনের এতো নিখুঁত আয়োজন,
অহংকারী সম্রাটের মতো অঙ্গুলি হেলনে
সব কিছু বদলে দেবার এমন অসীম ক্ষমতা,
তবু মনটা কেমন যেন খচখচ করে সর্বক্ষণ
কেননা,
আমার নিজের জীবনের রিমোটটা বেহাত
বহুদূরে কেউ একজন আমার রিমোট বাটনগুলো
সময়ে-অসময়ে টিপে টিপে
সাজানো সুখের এত্তসব আয়েশি আয়োজন
নিমেষে কেমন যেন সব উলোটপালোট করে দিচ্ছে।

মাহফুজুল হক জগলুল
২৯ এপ্রিল, ২০২১

আরও পড়ুন