ঈদ মোবারক

বন্যার পানির মতো পাইকারি হারে ‘ঈদ মোবারক’ আসতেছে। বেশির ভাগই আবেগহীন কাট অ্যান্ড পেস্ট পাইকারি মেসেজ। একজন দেখলাম ঈদ মোবারকের অনেক ডাগর ডাগর আর কাব্যিক শুভেচ্ছার পর লিখেছে,

মেল ও ফিমেল উন্নত কোয়ালিটির ইংলিশ মিডিয়াম টিচার সাপ্লাই দেওয়া হয়।

আরেকজন ঈদ মোবারকের অতিমাত্রার বিনয়ী আর সুশীতল শুভেচ্ছার পর লিখেছে,

১০০% খাঁট ঘানিভাঙা সম্পূর্ণ করোনামুক্ত সরিষার তৈল আমদানিকৃত বোতলে বোতলজাত করিয়া অনলাইনে সরবরাহ করা হয়।

আরেকজন দেখলাম আরো এক কাঠি সরেস,

ঈদের রক্তিম শুভেচ্ছা (রক্তিম কেন বুঝলাম না, কোরবানির সঙ্গে রক্তের সম্পর্ক আছে, তাই বোধ হয় রক্তিম) ………১৫,৯৯৯ টাকায় পাকা সেগুন কাঠের সোফাসেট পাওয়া যায়। অর্ডার করার ৭২ ঘণ্টার মধ্যে সরবরাহের নিশ্চয়তা, না হইলে টাকা ফেরত।

আরেকজন শুধু এক লাইনের ঈদ মোবারকের পরপরই কোনো ভণিতা না করে সোজাসাপ্টা লিখেছেন,

Golden opportunity to study in CANADA USA UK Australia, RUSSIA, LATVIA, MALDOVIA, and LITHUANIA with/without IELTS & SAT or any other exam.

স্বাস্থ্যসচেতন আরেক শুভাকাঙ্ক্ষী লিখেছেন- May the eternal peace from heaven embrace your life on this Eid Ul Adha…….আমাদের আধুনিক হাসপাতালের পক্ষ থেকে *ঈদ মোবারক*, স্বাস্থ্যবিধি মেনে চলুন৷ এখানে সরকার অনুমোদিত ১০০% খাঁটি করোনা এন্টিজেন পরীক্ষা হচ্ছে ৷ হার্ট এট্যাক হবার সাথে সাথে চলে আসুন। অত্যাধুনিক মেশিনে উন্নত চিকিৎসক দ্বারা চিকিৎসার গ্যারান্টি।

আমার বুঝতে বাকি নাই ওই বেটারা ঈদ মোবারকের অসিলায় তাদের হাসপাতালে নিয়ে আমাকে eternal peace from heaven-এর স্বাদ দিতে চাচ্ছে। একজন জিজ্ঞেস করেছে, আপনি ঈদ মোবারক-এর মেসেজের ওপর এতো খেপছেন কেন?

আপনার কি ভালোবাসার শুভেচ্ছা পেতে ভালো লাগে না?

আমি তাকে বলেছি,

এরকম পাইকারি প্রটোটাইপ কৃত্রিম আবেগহীন ভালোবাসা আমার দরকার নেই। বহু আগে শরণার্থী শিবিরে সেমি-অটোমেটিক টিকা মেশিনে কলেরার টিকা দিতে দেখেছো? এই সব পাইকারি ঈদ মোবারক অনেকটা সেই রকম, লাইন ধইরা দাঁড় করাইয়া দিয়া দেয়। যে দেয় সে জানে না কারে দিতেছে আর যে নিতে বাধ্য হচ্ছে সেও জানে না কে দিচ্ছে।

আমি চাই ব্যক্তিগত ছোঁয়াসমৃদ্ধ অকৃত্রিম শুভেচ্ছা, তা যতো ছোটই হোক, যেটা শুধু আমার জন্যই লেখা হয়েছে আর আমার জন্যই পাঠানো হয়েছে।

সব শেষে প্রিয় বড় ভাই বুয়েটের প্রফেসর বোরহান ভাইয়ের কথায় বলতে হয়,

এই সব কমার্শিয়াল আর কর্পোরেট ঈদ মোবারক শুনতে শুনতে গত কয়েক দিন ধরে মনে হচ্ছে, আমার নিজের নামই বুঝি ‘মোবারক’।

তার পরও সবাইকে ‘ঈদ মোবারক’।

অনেক অনেক শুভেচ্ছা।

১২ আগস্ট, ২০২১

 

 

আরও পড়ুন